কুড়িগ্রামে দুই ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

0
167

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবস্থিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ অভিযান চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

 

অভিযানে কুড়িগ্রাম জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার গোড়াই রঘুরায়ে অবস্থিত মেসার্স এসএম ব্রিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং আঠারো পাইকারে অবস্থিত মেসার্স এনএম ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

 

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের একদল চৌকস সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here