কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মোছাঃ মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত মোছাঃ মুনতাহা জান্নাত একই উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের মোঃ আব্দুল মতিন ও মোছাঃ মিম দম্পতির কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) শিশু মুনতাহা জান্নাত তার বাবা-মার সঙ্গে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে তার নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে অবস্থানকালে এক পর্যায়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের নীলকমল নদের পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে শিশুটির বাবা-মা ও নানা বাড়ির লোকজন আশপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে কোথাও খুঁজে না পেয়ে তারা ধারণা করেন শিশুটি নীলকমল নদে ডুবে থাকতে পারে।

পরবর্তীতে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে নীলকমল নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ের মরদেহ দেখে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন। মুহূর্তেই দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here