নোয়াখালী প্রতিনিধি :
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীন।
শিক্ষামন্ত্রী বলেন, “মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষক নেই, সেখানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আশা করি, তিন মাসের মধ্যে শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে এবং অনেক নিয়োগ কার্যক্রম মামলার জটিলতায় আটকে ছিল। বর্তমানে আদালতের মাধ্যমে এসব জটিলতা নিরসনের প্রক্রিয়া চলছে। ফলে উচ্চবিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, “কলেজে শিক্ষক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে, তাই কিছুটা সময় লাগবে। তবে দীর্ঘসূত্রতা হবে না। শিক্ষা খাতে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল আলম সিকদার, গোলাম মোমিত ফয়সাল, মাহমুদুর রহমান রিপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এই বাংলা/এমএস
টপিক

