কাঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে পড়ল পাথরবোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় একটি গার্ডার ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার গভীর রাতে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাচ্ছিল। পথে জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা ভেকু মেশিন দিয়ে ট্রাকটি টেনে তুললেও সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

দুর্ঘটনার পর কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দ্রুত অপসারণ এবং ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামতের মাধ্যমে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here