ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় গরুর খাদ্যে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মো. হানিফ হাওলাদার ও মো. আজগর আলী হাওলাদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এ বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়ার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওইদিন দুপুরে হানিফ হাওলাদার পরিবারসহ পার্শ্ববর্তী গ্রামে একটি অনুষ্ঠানে গেলে রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নেয় প্রতিপক্ষ। রাতের দিকে বাড়ির পেছনে রাখা গরুর খাদ্যে আগুন লাগানো হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দিলেও তাদের আসার আগেই গরুর খাদ্য সম্পূর্ণ পুড়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্ষতিগ্রস্ত হানিফ হাওলাদার দাবি করেন, জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি অভিযোগ করেন, আজগর আলীর স্ত্রী হালিমা বেগম, মেয়ে মিনা বেগম ও পুত্রবধূ পরশ মনি সহ কয়েকজন মিলে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে তার গরুর খাদ্যে আগুন দেয়। এছাড়া তার গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে এলাকাবাসী তা উদ্ধার করে।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

