ওসমান হাদিকে ‘বাংলার বীর’ ঘোষণা দিতে বরিশালবাসীর জোর দাবি

0
229
শরিফ ওসমান হাদি / ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি উঠেছে বরিশাল অঞ্চলে। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় আয়োজিত এক শোকসভা থেকে এই দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না—তিনি ছিলেন শোষণ ও সাম্রাজ্যবাদবিরোধী একটি ন্যায্য রাষ্ট্রচিন্তার প্রতীক। তার মৃত্যু কোনো ব্যক্তিগত ক্ষতি নয়, বরং একটি আদর্শিক আন্দোলনের ওপর আঘাত।

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক এম এ আব্দুর রহিম বলেন, ওসমান হাদি ছিলেন সময়ের সঙ্গে চলমান এক জীবন্ত চেতনা। তিনি যে মুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তা আজও মানুষের হৃদয়ে প্রাসঙ্গিক। তিনি আক্ষেপ করে বলেন, এই সমাজ প্রায়ই প্রকৃত মূল্যবান মানুষদের জীবদ্দশায় চিনতে ব্যর্থ হয়।

শোকসভায় বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লব–পরবর্তী নতুন বাংলাদেশে ওসমান হাদির মতো ব্যক্তিত্বদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও মর্যাদা দিয়ে জাতীয় কল্যাণে যুক্ত রাখা জরুরি ছিল। সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—ওসমান হাদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিয়ে ‘বাংলার বীর’ হিসেবে ঘোষণা করা হোক।

একই সঙ্গে বক্তারা তার হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ হামলাকারীসহ মদদদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারীদের—দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক—তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এই বাংলা/এমএস

টপিক

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here