কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে একটি প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাপটি দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী লোকালয়ের পাশে অজগরটি দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা সতর্কতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগকে খবর দেন।
বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। উদ্ধার অভিযানের সময় অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের দাবি, এ এলাকায় আগে কখনও এত বড় অজগর দেখা যায়নি। প্রায় ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার করে যথাযথ স্থানে অবমুক্ত বা সংরক্ষণ করা যায়।
এই বাংলা/এমএস
টপিক

