ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

0
171
সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মতবিনিময় / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

 

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিএনপির দলীয় এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় হাবিব বলেন, নির্বাচিত হলে তিনি সুন্দর পরিকল্পনা নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়ার উন্নয়ন করবেন। সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে তিনি একটি নির্বাচনী ইশতেহার তৈরি করবেন।

জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান বলেন, বিজয়ী হলে উত্তরাঞ্চলের প্রথম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন নিশ্চিত করা হবে।

সভায় হাবিব আরও জানান, হরিজনদের জন্য ৮ তলা বিশিষ্ট আবাসন, শিশু পার্ক, স্টেডিয়াম, সাংস্কৃতিক সংগঠন ও পাঠাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া শতবছরের পুরনো ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকীকরণ, ভাঙাচোরা রাস্তা সংস্কার এবং এলাকায় কৃষি উন্নয়নের জন্য সবজি সংরক্ষণাগার ও লিচু গবেষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচিত হলে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর উদ্যোগও নেবেন।

হাবিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পক্ষপাতী। নির্বাচিত হলে সাংবাদিক সংগঠনের নেতৃত্বে পেশাদারদের নিয়োগ করা হবে এবং ঢাকার বাইরে ঈশ্বরদীতে সাংবাদিকদের জন্য সরকারি প্লটের ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টুর সভাপতিত্বে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here