ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস নবীনবরণ ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন সদস্যদের ফুল ও বিভিন্ন গাছ উপহার দিয়ে বরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এস এম সুইট, এবং কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নাসিম আলী ও অদিতি সরকার।
সভায় সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আজকের দিনটি গ্রীন ভয়েস পরিবারের জন্য একটি আনন্দের দিন। নতুন মুখ, নতুন উদ্যম ও নতুন স্বপ্ন আমাদের সংগঠনকে আরও প্রাণবন্ত করেছে। গ্রীন ভয়েস সবসময় পরিবেশ সচেতনতা, মানবিকতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য কাজ করছে।”
উপদেষ্টা অধ্যাপক আনিসুল কবীর বলেন, “দেশে প্রয়োজনীয় বনভূমির পরিমাণ ২৫ শতাংশ হলেও বর্তমানে তা ১০ শতাংশেরও কম। সবাইকে সচেতন হতে হবে, নিজে গাছ লাগাতে হবে এবং অন্যকেও উদ্বুদ্ধ করতে হবে। দেশকে ভালো রাখতে হলে পরিবেশকে আগে সুস্থ রাখতে হবে।”
এই বাংলা/এমএস
টপিক

