স্টাফ রিপোর্টার :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারীকে বোয়ালিয়া মডেল থানায় এবং বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলামকে এয়ারপোর্ট থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়জুল করিম স্বাক্ষরিত ২২ জুনের বদলি আদেশের পর মঙ্গলবার (২৩ জুন) উভয় কর্মকর্তা নিজ নিজ নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এই বদলির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো বোয়ালিয়া মডেল থানার মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পেলেন একজন নারী অফিসার ইনচার্জ। এর আগে ওসি মাছুমা মুস্তারী শাহমখদুম ও এয়ারপোর্ট থানায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মাছুমা মুস্তারী বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইন সবার জন্য সমান। জনগণের সহযোগিতা নিয়ে বোয়ালিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করবো। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য। নারী, শিশু ও অসহায় মানুষের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে এয়ারপোর্ট থানার নতুন ওসি রবিউল ইসলাম বলেন, “নতুন দায়িত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এয়ারপোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, বোয়ালিয়া মডেল থানায় একজন নারী ওসির দায়িত্ব গ্রহণ নারী ও শিশু সংক্রান্ত সংবেদনশীল অভিযোগ নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিবাহের মতো ঘটনায় ভুক্তভোগীরা আরও সহজে থানায় অভিযোগ জানাতে উৎসাহিত হবেন।
নগরবাসীর প্রত্যাশা, দুই অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্বে বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নতুন গতি পাবে।
এই বাংলা/এমএস
টপিক

