চরভদ্রাসনে বিএসটিআইর অভিযানে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে আদর্শ স্কুল রোডের মেসার্স শরিফুল বেকারিকে বিস্কুট, ব্রেড ও কেকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের মেসার্স হাজী বেকারিকে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রির দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মোবাইল কোর্ট পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজার তদারকি জোরদার হলে খাদ্যপণ্যের মান বজায় থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম কমে আসবে। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তাও বাড়বে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here