
ঝালকাঠি প্রতিনিধি :
দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনি বলেন, “আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই, তার একটাই পরিচয় বাংলাদেশপন্থী। তার অনুসারীরাও দেশের পক্ষেই কাজ করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়।”
ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “পঞ্চগড়ে বিচার দাবিতে হওয়া বিক্ষোভে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। জনগণের করের টাকায় চলা বাহিনী কীভাবে ন্যায্য দাবিতে রাস্তায় নামা মানুষের গায়ে হাত তোলে?” তিনি সবাইকে ভয় না পেয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার।
এই বাংলা/এমএস
টপিক
