বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফের মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ

অনলাইন ডেস্ক :

আবারও রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, দ্বিতীয় রাতেও ইউক্রেন মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার ভোরে জারি করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ১৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

এর মধ্যে একটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল, আর ১৩টি ধ্বংস করা হয়েছে কালুগা অঞ্চলের আকাশে, যা মস্কো অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, যে স্থানে ড্রোনটি পড়ে গেছে সেখানে জরুরি সেবা দল পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাশিয়া সাধারণত অভ্যন্তরীণ এলাকায় ইউক্রেনীয় হামলার পূর্ণমাত্রার তথ্য প্রকাশ করে না, যদি না তা বেসামরিক নাগরিক বা স্থাপনাকে প্রভাবিত করে।

বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে ব্রায়ানস্ক অঞ্চলে, যা ইউক্রেন সীমান্তের পশ্চিমে এবং কালুগার উত্তর-পূর্বে অবস্থিত।

ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে, যদিও রিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইউক্রেনীয়।

এর আগে সোমবারও রাশিয়া দাবি করেছিল যে, তারা ৩৪টি ইউক্রেনীয় ড্রোন মস্কো লক্ষ্য করে নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করেছে। সূত্র: রয়টার্স

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়