চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদীর খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার খাদ্যগুদামের পাশের ইছামতী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত আবু সৈয়দ আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানাধীন সদর এলাকার কেজি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মিলু আকতার নামের এক স্থানীয় বাসিন্দা খালে একটি লাশ ভাসতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি আবু সৈয়দের বলে শনাক্ত করেন। স্বজনদের দাবি, আবু সৈয়দ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক মাস আগে তিনি ব্রেন স্ট্রোক করলে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে আমার বাবা ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে আমার মা আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাবার পরনে থাকা লুঙ্গি ও গলায় থাকা তাবিজ দেখে আমরা লাশ শনাক্ত করেছি।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘খাল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

