ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না (১৮) নামে এক তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের বাসিন্দা মো. শাহ আলম মিয়ার ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে সীমান্ত এলাকার কাছ থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার দুপুরে বাউতলা এলাকায় গিয়ে দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া উদ্বিগ্ন অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন। তিনি জানান, মুন্না বেকার এবং মাঝে মাঝে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। আলাদা ঘরে বসবাস করলেও প্রতিদিন সকালে সে বাড়িতে আসত। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারেন, বিএসএফ তার ছেলেকে ধরে নিয়ে গেছে। শাহ আলম মিয়া বলেন, বিষয়টি আগরতলায় অবস্থানরত আত্মীয়দের জানানো হলে তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে মুন্নাকে সেখানে দেখতে পেয়েছে বলে তাকে জানায়। বর্তমানে আত্মীয়রা তাকে মুক্ত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আখাউড়া কোম্পানি সদরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিকেল পর্যন্ত বিএসএফ কর্তৃপক্ষ মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি।
এই বাংলা/এমএস
টপিক

