অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শাহিন রেজা চৌধুরী প্রচারণার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ধরে ফ্রি চক্ষু সেবার মাধ্যমে তিনি কিশোরগঞ্জ জেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
২০১০ সাল থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে আসা এই চিকিৎসককে স্থানীয়রা অবহেলিত মানুষের পাশে ‘বটবৃক্ষের মতো’ আবেগঘন তুলনায় বর্ণনা করেন।
আজ ৫ ডিসেম্বর, অষ্টগ্রাম কোর্ট বিল্ডিং হাওড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বৃহদাকারের ফ্রি চক্ষু শিবির।
দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ শিবিরে— প্রায় ১২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান, চশমা বিতরণ, এবং ২০০ জন রোগীর ছানি অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে ডা. শাহিন রেজা বলেন— “আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। আপনারা আমাকে সুযোগ দিলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওড় অঞ্চলে এমন উন্নয়ন করবো যা হবে সারা দেশের জন্য রোল মডেল।”
তাঁর জনমুখী এই চিকিৎসা উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং নির্বাচনী মাঠে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
এই বাংলা/এমএস
টপিক

