অবৈধ জন্মনিবন্ধনের অভিযোগে রৌমারীর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

0
163
অভিযুক্ত চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমান / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অবৈধভাবে জন্মনিবন্ধন করার অভিযোগে চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের এই কার্যক্রম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনস্বার্থের পরিপন্থী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, চেয়ারম্যান সাইদুর রহমান প্রায় ৪৫০টি অবৈধ জন্মনিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছেন। এসব সনদের কোনো ধারককে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ বা এলাকার বাসিন্দারা শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তরের জন্য ইউপি সচিবকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here