সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল হজরত খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন

বাগেরহাট সংবাদদাতা
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বাগেরহাটে এসে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাগেরহাটে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি বাগেরহাটের মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এ প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণকাজ শুরু হচ্ছে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা এবং চীন দেবে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা।

বন্দর চেয়ারম্যান বলেন, ৩৬৮ মিটার দৈর্ঘ্যের নতুন কনটেইনার টার্মিনালের সঙ্গে ইয়ার্ড নির্মাণ করা হবে। এতে বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে যুক্ত হবে ৪৯টি যন্ত্রপাতি। এতে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউএস (TEUs) কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

মোংলা বন্দর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ