অনলাইন ডেস্ক :
সাদা রঙের সাত আসনের এবং ২ হাজার ৮০০ সিসির একটি টয়োটা ‘হার্ড জিপ’ এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নামে নিবন্ধিত হয়েছে। গত ২ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ—গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করতে দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়।
বৃহস্পতিবার বিআরটিএ প্রদত্ত রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ নথি গণমাধ্যমের হাতে এসেছে।
নিবন্ধন তথ্য অনুযায়ী, গাড়িটির রেজিস্ট্রেশন আইডি ২-৬২৮৪৬১৯ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-১৬-৬৫২৮। এটি কোনো ব্যক্তির নামে নয়; বরং সরাসরি বিএনপির নামে নিবন্ধিত। মালিকানা ঠিকানা হিসেবে দলটির কেন্দ্রীয় কার্যালয়, ২৮/১ নয়াপল্টন, উল্লেখ আছে। গাড়িটি আমদানি করেছে তেজগাঁও শিল্পাঞ্চলভিত্তিক প্রতিষ্ঠান এশিয়ান ইমপোর্টস লিমিটেড।
রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন। ফিটনেসের মেয়াদ থাকবে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত। ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে এক বছরের জন্য, যার মেয়াদ শেষ হবে আগামী ১ ডিসেম্বর।
গাড়িটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি। এটি জাপানের মোটর নির্মাতা Toyota Motor Corporation-এর তৈরি।
এই বাংলা/এমএস
টপিক

