পিরোজপুর প্রতিনিধি :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুরে ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে জেলা প্রেসক্লাব পিরোজপুর দৃষ্টান্ত স্থাপন করে আসছে সাংবাদিকতা, জনকল্যাণ ও উন্নয়ন অগ্রযাত্রায়। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে সংগঠনটি জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনদুর্ভোগ প্রকাশ করা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক ভূমিকা পালন করে যাচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭৭। উল্লেখযোগ্য বিষয় হলো—সকল সদস্যই উচ্চশিক্ষিত এবং পেশাদার সাংবাদিকতার মান রক্ষা করে সমাজ-রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন। ভয়-ভীতি, লোভ কিংবা চাপের মুখেও তারা নীতিনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল রয়েছেন।
ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি এম এ জলিল, যিনি দক্ষতায় সংগঠনকে এগিয়ে নিচ্ছেন। তাঁর সঙ্গে সিনিয়র সহ-সভাপতি সোহেল বিল্লা কাজল ও মুহাম্মদ নাসির উদ্দিন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সংগঠনের সার্বিক কর্মকাণ্ডকে সচল রাখতে মুখ্য ভূমিকা পালন করছেন সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।
তাদের নেতৃত্বে প্রেসক্লাবের প্রধান লক্ষ্য—দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাংবাদিকরা মনে করেন—সুসংবাদ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা শুধু দায়িত্বই নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সরকারি সেবার মান, জবাবদিহিতা প্রতিষ্ঠা—সবক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
সাধারণ সম্পাদক এস এম আবু জাফর বলেন, “আমাদের কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক পবিত্র দায়িত্ব। সভাপতি এম এ জলিলসহ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ—পিরোজপুরকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
শুধু খবর প্রচার নয়—জেলা প্রেসক্লাব পিরোজপুর বিভিন্ন সামাজিক সচেতনতা কর্মসূচি, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে থাকে। তাদের এই ইতিবাচক ও সাহসী সাংবাদিকতা পিরোজপুরের জনগণের কাছে আস্থা এবং অনুপ্রেরণার অন্যতম উৎস হয়ে উঠেছে।
এই বাংলা/এমএস
টপিক

