
ভোলা প্রতিনিধি :
দলিত জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সিভিল সোসাইটি এবং দলিত অধিকারকর্মীদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে সদর উপজেলা সভাপতি রঞ্জিত বেপারী বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরেও দলিত সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান—সবখানেই বৈষম্যের শিকার। তিনি অভিযোগ করেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে দলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ এখনো অত্যন্ত সীমিত। এমনকি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতেও তাদের অধিকার যথাযথভাবে নিশ্চিত করা হয় না।
ভোলা জেলা সভাপতি চন্দ্র মোহন (ছিডু) বলেন, দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জাতীয় সংসদ ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংরক্ষিত আসন চালু করা সময়ের দাবি। পাশাপাশি নিরাপদ পুনর্বাসন, বিশেষ শিক্ষা সহায়তা এবং বৈষম্যবিরোধী আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।
মানববন্ধনে মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, দলিত সম্প্রদায়ের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুততম সময়ে দলিত জনগোষ্ঠীর ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
