পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইউনিয়নের অধিকাংশ রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টের কারণে দৈনন্দিন যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ পাকা সড়কগুলোর পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা পথচারী ও ছোট যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন, রাস্তাঘাটের নাজুক অবস্থা সম্পর্কে তারা অবগত রয়েছেন। ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের জন্য আবারও জোরালোভাবে অবহিত করা হবে। সরকারি বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী কিছুটা আশাবাদী হলেও দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। কবে জরাজীর্ণ সড়কগুলো নতুন রূপ পাবে—এটাই এখন কদমতলা ইউনিয়নবাসীর প্রধান প্রত্যাশা।
এই বাংলা/এমএস
টপিক

