নাগেশ্বরীতে প্রশ্নপত্র ফটোকপিসহ আটকের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলাম বহিষ্কার

0
109
কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের ফটোকপিসহ আটক হওয়ার ঘটনায় নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বহিষ্কৃত মিনারুল ইসলাম একই সঙ্গে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে প্রশ্নপত্রের ফটোকপি ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। একই দিন পৃথক আরেক অভিযানে একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়।

এ ছাড়া পরীক্ষা চলাকালে উপজেলার একটি কেন্দ্রের ভেতরে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একজন পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই ঘটনায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির কমিটি থেকে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here