
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। গতকাল বিজিডিসিএল-এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কর্তন করা হয়। এছাড়া আবাসিক গ্যাস সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করায় ২টি সংযোগ এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরও ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ১০০ ফুট এমএস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার করার অপরাধে ৪ জনকে ১০ হাজার টাকা করে এবং ২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ গ্যাসের অপচয় বাড়ায়, সরকারি রাজস্ব ক্ষতি করে এবং দুর্ঘটনার ঝুঁকি তীব্র করে তোলে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও তারা জানান।
এই বাংলা/এমএস
টপিক
