তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

0
140
কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

যাত্রাপুর ইউনিয়নের আমেনা বেগম জানান, শীত ও কুয়াশার কারণে তার সন্তান কয়েক দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছে, তাই চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হয়েছে।

চিলমারীর মফিজুল হক বলেন, “শীত এলেই নদীপারের মানুষের কষ্ট বেড়ে যায়। ঘর থেকে বের হওয়া কষ্টকর, কাজকামও করা যায় না। হাত-পা শীতে জমে আসে।”

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ঠান্ডার কারণে সর্দি-কাশি, ফ্লু, ব্রঙ্কাইটিস, হাঁপানি ও হুপিং কাশির মতো রোগ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরানো এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেন তিনি।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশা বেড়ে শীতের তীব্রতা বাড়বে কুড়িগ্রামে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here