খাগড়াছড়ি প্রতিনিধি :
ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার সুবিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে শেষ হয়। মিছিল ও সমাবেশের মাধ্যমে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, “সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করছে। এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা জরুরি।” তারা আরও বলেন, “অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে পাহাড়ের জনগণ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি উপদেষ্টা মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভাপতি সালমা আহমেদ মৌ এবং মাটিরাঙ্গা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জালাল আহমেদ।
এসময় পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক
