কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

0
452
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরিফপুর ইউনিয়নের বটতলা বাজার–তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্র জানায়, বটতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তালতলা জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর ধানের খড় বিছানো এবং স্তুপ থাকার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে সিলেট নেওয়ার পথে ব্যবসায়ী গিয়াস উদ্দিন মৃত্যুবরণ করেন। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা জালাল আহমদকেও মৃত ঘোষণা করেন।

নিহত দু’জনই তালতলা গ্রামের সুলতান মুন্সি ও সুবহান মিয়ার ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। একসঙ্গে দুই প্রাণহানির ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন শরিফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। ওসি জানান, ঘটনা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here