কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তবকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজসংলগ্ন একটি ফসলি জমিতে অনুমতি ছাড়াই মাটি কাটার সময় মো. মিলন মিয়া (সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর)কে আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর অভিযানে ফসলি জমি থেকে মাটি কাটার সময় মো. আলবি হোসেন (সাং মহরাবহর, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুর)কে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, ফসলি জমি সুরক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল ফসলি জমি রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

