সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস।

আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন।

জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন।

আগাম ভোটাভুটির সময় থেকেই তারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেন। নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে।

রিপাবলিকানরা প্রচার চালানোর চেষ্টা করেছিল যে, কেইশা যখন আটলান্টার মেয়র ছিলেন, তখন শহরটিতে অপরাধ অনেক বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতির অবনতি হয়েছিল।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি বহু পুরোনো।

বোটমসের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের পদে মনোনয়ন দিল।

এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।

সংবিধিবদ্ধ মেয়াদের সীমা শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।

সুত্র : আল জাজিরা

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ