নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় এক্সকাভেটর দিয়ে ভাটাগুলোর কিলন ধ্বংস এবং বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করা হয়।
বৃহস্পতিবার পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং নীলফামারী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে কামারপুকুর ইউনিয়নের সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুরের বিপিএল-২, এজাজ আহমেদের এএসবি ব্রিকস এবং কদমতলী এলাকার ব্রিকস লিংক লিমিটেডে অভিযান পরিচালিত হয়। পরিদর্শনে পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, “পরিবেশ ও জনস্বার্থবিরোধী অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আইন লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না।”
এই অভিযান সরকারের পরিবেশ সংরক্ষণের দৃঢ় অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

