চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে তাণ্ডব: প্রাণনাশের হুমকিসহ বিদ্যুৎ–গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, বিদ্যুৎ-পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন / ছবি - এই বাংলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :


দাবিকৃত চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাবরুকপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। সোমবার (৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগে তিনি উল্লেখ করেন, বাড়ি নির্মাণের শুরু থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজরা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তরা হলেন—কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, হাসানসহ অজ্ঞাত আরও ১০-১২ জন।

রণি আক্তার জানান, উপায় না দেখে এর আগে হাসমত ও আউয়ালকে তিনি ৭০ হাজার টাকা দেন। তারা ওই টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিলেও পরে মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, টাকা মসজিদে দেওয়া হয়নি। পরে জানতে পারেন, অভিযুক্তরা ওই টাকা আত্মসাৎ করেছে।

তিনি আরও জানান, গত বছরের শেষ দিকে বাড়ির কাজ শেষ করে মিলাদ মাহফিলের আয়োজন করা হলে চাঁদাবাজরা আবার এসে ‘মিষ্টি খাওয়ার’ অজুহাতে ১০ হাজার টাকা দাবি করে, যা তিনি দিতে বাধ্য হন।

এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে মাদক সেবন করে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, এই এলাকায় বসবাস করতে হলে তাদের দাবিকৃত টাকা দিতে হবে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সব ফলদ গাছ কেটে ফেলে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার নিয়ে যায়। পাশাপাশি পানি ও গ্যাস লাইনের সংযোগ কেটে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। ওই সময় ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা, ওই মাদকসেবী চাঁদাবাজরাই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here