বরিশাল ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনের এই যাচাইয়ের পর মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আরও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২ ও ৩ জানুয়ারি মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন যাচাইয়ের সময় অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং দলীয় মনোনয়ন না থাকার কারণে জাতীয় পার্টির দুইজন প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুইটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত জয়নুল আবেদীন এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর মনোনয়ন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকার কারণে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন। এছাড়া স্থগিত মনোনয়নগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার জানানো হবে।
উল্লেখ্য, বরিশালের ছয়টি আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও, যাচাইয়ের জন্য ৪৮ জন প্রার্থী উপস্থিত হন। যাচাই শেষে বর্তমানে ৩২টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

