ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় ১৮ চাকার একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গয়াবাড়ি ইউনিয়নের ঘোড়ামারা রোডের কালীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা মেট্রো-ঢ-৮৪০৪৭০ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রভাবশালী মহলের আশ্রয়ে ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলীর বাজার সংলগ্ন তিস্তা নদীর তলদেশ থেকে লোহার যন্ত্র ব্যবহার করে শতাধিক নৌকার মাধ্যমে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এসব পাথর পরে বড় ট্রাকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার বর্মনের নেতৃত্বে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় চক্রের মূল হোতারা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিয়ার রহমান (৩৩), লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার খাড়ু ভাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং বাদল মিয়া (২২), রংপুর জেলার কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের জনাব আলীর ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন।
এ ঘটনায় এসআই পঙ্কজ কুমার বর্মন বাদী হয়ে ডিমলা থানায় মামলা নম্বর-১২, তারিখ ১৬/১২/২০২৫ ইং, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ও (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এই বাংলা/এমএস
টপিক

