
বিশেষ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সুন্দর, গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নবনিযুক্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন। এই নির্বাচনই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।’
তিনি জানান, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে, যা দেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও শতবর্ষের অগ্রযাত্রার ভিত্তি তৈরি করবে।
ড. ইউনূস বলেন, আগামী নির্বাচনে বিদেশ থেকে বহু প্রতিনিধি ও পর্যবেক্ষক আসবেন। তারা যেন নির্বাচনী পরিবেশকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারেন—এ জন্য পুলিশ সুপারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অতীতের বিতর্কিত নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ প্রহসন বলে, কেউ বলে প্রতারণা—এমন নির্বাচন থেকে বেরিয়ে এসে নতুন মানদণ্ড তৈরি করতে হবে।’
পুলিশকে দায়িত্ব পালনে সৃজনশীল হওয়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সব নির্দেশনা কাগজে লেখা যায় না। মাঠে দায়িত্ব পালনের সময় কীভাবে কাজ আরও সুন্দর করা যায়, সে চিন্তা আপনাদের করতে হবে।’
পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও উৎসাহ বৃদ্ধিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন এবং পুরস্কার দেওয়ার প্রস্তাবও দেন ড. ইউনূস।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এই বাংলা/এমএস
টপিক
