আওয়ামী লীগ গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: দুলু

0
150
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের শিক্ষাব্যবস্থা নকলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে সেই কাঠামো নষ্ট করে দিয়েছে। তাঁর দাবি, এমনভাবে শিক্ষা খাতকে দুর্বল করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

দুলু বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়া নিয়ে ভারত সন্তুষ্ট ছিল না, তাই তাদের স্বার্থ রক্ষায় সেই সময় দীপু মনিকে শিক্ষামন্ত্রী করা হয়। তাঁর আমলে শিক্ষার্থীরা খুব কম লেখালেখি করলেও সহজেই অটোপাস, জিপিএ–৫ ও গোল্ডেন–৫ পেত। এতে করে দেশের শিক্ষাব্যবস্থা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুঝেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও জটিল পরিস্থিতিতে পড়বে। তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্র ও রিকশাচালকদের দীর্ঘ আন্দোলনের ফলে আজ শিক্ষাব্যবস্থায় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

বিএনপি আবার ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য—এই তিন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন দুলু। তিনি বলেন, বিএনপির ৩১ দফা সংস্কার ঘোষণায় এসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিমসহ শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here