কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির দুই বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনঃস্থাপন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়া দুই নেতা হলেন—চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ হোসেন পাখী এবং সদস্য মোঃ আব্দুল মতিন শিরিন। তবে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরও তারা এখনো আহ্বায়ক কমিটির পদ ফিরে পাননি।

এর আগে, দলীয় শৃঙ্খলা না মানা এবং যুবদল নেতার ওপর হামলা করে গুরুতর জখমের অভিযোগে গত ৪ জুলাই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় সাড়ে চার মাস পর কেন্দ্রীয় বিএনপি তাদের প্রাথমিক সদস্যপদ পুনঃস্থাপন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল। আপনার আবেদন পর্যালোচনার পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনঃস্থাপন করা হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।”
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা এখন দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।”
- বিএনপি
- বহিস্কার
- প্রত্যাহার

