চরভদ্রাসনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

0
244
বাল্যবিয়ে রোধে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে সোমবার দুপুরে বাল্যবিয়ে প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্ল্যা খান। শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাবিন লেখক, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার ও উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ।

সভায় বক্তারা বাল্যবিয়ে রোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও কাবিন লেখকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো চেয়ারম্যান, কাজী বা শিক্ষক বাল্যবিয়ের সঙ্গে যুক্ত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও জানান, কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের কাগজ তৈরি করা সম্পূর্ণ বেআইনি; এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সভা শেষে উপজেলার একশত দরিদ্র ও অসহায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ অভিভাবকদের মধ্যে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন। একই দিনে তিনি একটি ইউনিয়ন ভূমি অফিস, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি আশ্রয়ন প্রকল্প, একটি কমিউনিটি ক্লিনিক এবং বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here