স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানী আজও প্রেরণার উৎস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে তিনি এই শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, “মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।”
তিনি আরও বলেন, মওলানা ভাসানী সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক প্রবাদপুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন ও সাহসী নেতা।
“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের প্রশ্নে মওলানা ভাসানী ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক,”—বলেন তারেক রহমান।
তিনি আরও উল্লেখ করেন, মওলানা ভাসানীর হুংকারে অত্যাচারী শাসকের মসনদ কেঁপে উঠত। শোষণের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন।
তারেক রহমান বলেন, “অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
এই বাংলা/এমএস
টপিক

