টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিসের নিচতলার জানালা খুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতল ও আগুনে পোড়া কাপড়ের টুকরো দেখা গেছে।
খবর পেয়ে থানা-পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ও থানা-পুলিশ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কার্যক্রম শেষ করে নিজ নিজ গন্তব্যে চলে যান। এরপর শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়া হয়। এতে শাখার ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হারিজুর রহমান বলেন, ব্যাংকের নৈশপ্রহরীর মাধ্যমে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
এই বাংলা/এমএস