চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তবর্তী একটি আমবাগান থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নানের আমবাগানে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সীমান্তে মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস