রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পিরোজপুরের কদমতলায় সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপন

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সহযোগিতা করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের উত্তর পোরগোলা নিকারী হাট শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম সূর্য।

পরিদর্শনকালে এম এ নকিব নাছরুল্লাহ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য তাঁরা মাঠপর্যায়ে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করছেন। বিএনপির নেতাকর্মীরাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছেন বলে তিনি জানান।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি গুজব প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিন-রাত দায়িত্ব পালনের মাধ্যমে পূজার পরিবেশ সুষ্ঠু রাখতে ভূমিকা রাখায় কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন ও তাঁর দলের প্রশংসা করা হয়।

দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাত জেগে এবং নানা প্রতিকূলতার মধ্যেও যারা সহযোগিতা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, কদমতলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর