নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো এক সময়ে ট্রান্সফরমারটি চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তের ৬ নম্বর ওয়ার্ড এবং দিয়ারপাড়া গ্রামের শুরুর ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারটি স্থাপন করা ছিল। রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা সেটি খুলে নিয়ে যায়। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
ঘটনার পর এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। চুরি হওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরির কারণে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস