কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, নিরাপত্তা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্রমোহন হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মনিকা বসু এবং সাংবাদিক মো. মেজবাহ উদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ তৈরি এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করা একটি দায়িত্বশীল সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে কন্যাশিশুরা যেন সমান অধিকার ও মর্যাদা নিয়ে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তাঁরা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের অধিকার সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
সভায় কন্যাশিশুর সার্বিক বিকাশ, অধিকার সংরক্ষণ এবং তাদের জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।