সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠুভাবে চাল বিতরণের দাবিতে সোমবার বিকেলে উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী জেলেরা।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জেলে মো. খোকন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম ও মো. আজাহার আলী ফকিরসহ একাধিক নিবন্ধিত জেলে।
মানববন্ধনে অংশ নেওয়া কার্ডধারী জেলেদের অভিযোগ, সরকারি নিয়ম ও তালিকা অনুযায়ী চাল বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হচ্ছে। এতে সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রকৃত জেলে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
১ নম্বর ওয়ার্ডের জেলে মো. খোকন বলেন, “আমরা কষ্ট করে নদীতে মাছ ধরে সংসার চালাই। সরকার আমাদের জন্য যে চাল পাঠায়, তা বিতরণ নিয়ে প্রতিবারই টালবাহানা করা হয়। এবারও চাল বণ্টনে অনিয়ম করা হয়েছে, ফলে নিবন্ধিত অনেক জেলে খালি হাতে ফিরে গেছেন।”
৯ নম্বর ওয়ার্ডের জেলে মো. আব্দুর রহিম অভিযোগ করেন, তাঁরা প্রকৃত জেলে ও সরকারি কার্ডধারী হওয়া সত্ত্বেও বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের কারণে সময়মতো বরাদ্দের চাল পাচ্ছেন না। দ্রুত এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত কার্ডধারী সব জেলের মধ্যে চাল বিতরণের দাবি জানান তাঁরা।
এদিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. শামসুল আলম। তিনি বলেন, “আমার ইউনিয়নে মোট ৫৫০ জন নিবন্ধিত জেলে কার্ডধারী রয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাত্র ১৮০ জনের বরাদ্দ পেয়েছি। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় বাকি জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ফলে তাঁর দাবি অনুযায়ী, সেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

এই সম্পর্কিত আরো খবর