সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নগরকান্দার ৬৩ পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ ইউএনওর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করাসহ সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ দুর্গাপূজা উদ্‌যাপনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, নগরকান্দা উপজেলার ৬৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি পূজামণ্ডপে মাদক সেবন ও অশ্লীল নৃত্য বন্ধ রাখা এবং নামাজের সময় মাইক বন্ধ রাখাসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা যেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির ঘোষণার আলোকে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির পাঁচজন করে দলীয় প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। পূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মো. মাহাবুব আলী মিয়া, নগরকান্দা থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল রানা, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, যুবনেতা তৈয়ব মাসুদ এবং উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রনদা প্রসাদ।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো খবর