শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হাটহাজারীতে পূজামণ্ডপে সিসিটিভি ও মনিটরিং গ্রুপ, প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি সিসিটিভি নজরদারি, প্রতিমা তৈরির অগ্রগতি এবং দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

শনিবার (১০ অক্টোবর) হাটহাজারী উপজেলার ফটিকা সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রস্তুতির খোঁজখবর নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রামে মোট ২ হাজার ৫৯৩টি স্থানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ২৭১টি এবং জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ৩২২টি আয়োজন রয়েছে। এসবের মধ্যে ১ হাজার ৯০৯টি সর্বজনীন পূজা এবং ৬৮৪টি ঘটপূজা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মনিটরিং গ্রুপ গঠন করা হয়েছে।

দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপের সাজসজ্জার পাশাপাশি দর্শনার্থীরা যাতে নিরাপদে এসে আরতিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, “আয়োজকেরা হয়তো এক মাস পরিশ্রম করে একটি অনুষ্ঠান সাজান। কিন্তু অনেক দর্শনার্থী এক বছর ধরে সেই অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকেন। তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আয়োজনের সার্থকতা থাকে না।”

সরকারি সহায়তার বিষয়ে তিনি জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি করে বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অনেক সময় এক এলাকার ঘটনার ছবি বা ভিডিও অন্য এলাকার ঘটনা হিসেবে প্রচার করা হয়। তাই কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর