পিরোজপুর সদর উপজেলার ৪ নম্বর কলাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চলপুখরীয়া সাইক্লোন সেন্টারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের সুখ-দুঃখের কথা সরাসরি শোনা এবং এলাকার উন্নয়নমূলক সমস্যাগুলো সরেজমিনে দেখে দ্রুত সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “জনগণের পাশে থাকা, তাদের মৌলিক ও স্থানীয় সমস্যাগুলো জানা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর স্থায়ী সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য ধৈর্যসহকারে স্থানীয়দের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
একই সময়ে ৪ নম্বর কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এলাকাবাসীর বিভিন্ন প্রত্যাশা, দাবি এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য প্রতিনিধিসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের আস্থাকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।
এই বাংলা/এমএস