বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতালের গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাড়াশ পৌর সদরে যুবদল নেতা মিলন খান ও পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলামের নেতৃত্বে যুবনেতা আমিনুল ইসলাম আমিন, রয়েল আহমেদ, ইমরান হোসেন আলভি, সুজন হোসেন ও সাংবাদিক সোহেল রানা সোহাগসহ কয়েকজন সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করেন।

পরে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল পাওয়া যায়। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে মাদক ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়।

ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি ইমাম জাফর বলেন, “প্রতিটি মহল্লার সচেতন মানুষ যদি এভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে সহযোগিতা করেন, তাহলে সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।”

স্থানীয়রা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর