বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নলডাঙ্গায় হালতি বিলে রাতভর অভিযান, ৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা হালতি বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়ার বারোইহাটি গ্রামের মো. মোসলেমের ছেলে মো. সেলিম (৪০) ও খোরশেদ আলমের ছেলে মো. সেন্টু প্রামাণিক (৩০)। তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. মিল্লাত (১৯), আফজাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং মো. শফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো. মহসিন (৬০)কে ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মৃত আসিরের ছেলে মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর