সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করেছে সদরপুর উপজেলা মৎস্য অফিস।
সোমবার (৩ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শরীফ শাওন বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও অব্যাহত থাকবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫০০টি লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সদরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসন, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

